ইনানীতে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুমনকে গ্রেপ্তারের পর থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভ-সংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে। পরে সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
পরিচয় শনাক্ত হওয়া অন্য তিনজন হলেন ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম। তাঁদের মধ্যে শেষ দুজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আ.দৈ/আরএস



















