জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক (আরএমজি) আমদানিতে জার্মানিকে টপকে প্রথম স্থান দখল করেছে স্পেন। এর মাধ্যমে ইইউ-তে বাংলাদেশের একক বৃহত্তম পোশাক রপ্তানি গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করল দেশটি। এক বছর আগেও এ চিত্র ছিল উল্টো; যেখানে জার্মানিতে রপ্তানি করা হয়েছিল ১১২ কোটি ৪৭ ডলারের পোশাকপণ্য, আর এসময়ে স্পেনে করা হয় ১০০ কোটি ডলারের কিছু বেশি রপ্তানি।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ইইউয়ের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ৩.৩৩ শতাংশ বেড়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের ৪৭৪ কোটি ৬১ লাখ (৪,৭৪৬.১০ মিলিয়ন) ডলার থেকে বেড়ে ৪৯০ কোটি ৪০ লাখ (৪,৯০৪.০২ মিলিয়ন) ডলারে উন্নীত হয়েছে; যা পরিমাণে ১৫ কোটি ৭৯ লাখ ডলারের এক নিট প্রবৃদ্ধি।
ইইউ বাজারে অর্জিত এই নিট প্রবৃদ্ধির সিংহভাগই এসেছে স্পেনের বাজার থেকে। আলোচ্য সময়ে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ কোটি ৮৬ লাখ (১৩৮.৬২ মিলিয়ন) ডলার, যা ইউরোপীয় ইউনিয়নে অর্জিত নিট বাড়তির প্রায় ৮৮ শতাংশ।
কেবল একক মাস হিসেবে সেপ্টেম্বরের তথ্যে আরও শক্তিশালী প্রবৃদ্ধির চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে ইইউতে পোশাক রপ্তানি ৫.৫৩ শতাংশ বেড়ে ১৪১ কোটি (১,৪১০.১১ মিলিয়ন) ডলার ছুঁয়েছে।
ইউরোপের শীর্ষ পাঁচটি পোশাক বাজারের মধ্যে দ্বিমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে; যেখানে বাজারগুলোকে সুস্পষ্ট দুটি ভাগে ভাগ করা যায়।
স্পেন (+১৩.৭৩%), নেদারল্যান্ডস (+৯.০২%) এবং পোল্যান্ড (+৫.৭৭%)। বিশেষ করে সেপ্টেম্বরে পোল্যান্ডের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি এক লাফে ৩০.২৫ শতাংশ বেড়েছে, যা তালিকাভুক্ত পাঁচ বড় বাজারের মধ্যে যেকোনো একক মাসের হিসেবে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি।
স্থবির বা নিম্নমুখী বাজার: বিপরীতে ইউরোপের প্রথাগত বড় বাজার জার্মানি (-০.১৫%) এবং ফ্রান্সে (-৪.৯১%) রপ্তানি হ্রাস পেয়েছে। এছাড়া ইইউ-এর অবশিষ্ট অন্যান্য দেশগুলোতে সম্মিলিতভাবে রপ্তানি কমেছে ২.২৪ শতাংশ।
আ দৈ /এস এন




















