এমসিজে ক্লাবের সদস্যপদে আবেদন শুরু বুধবার, ফি ৫৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক

গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ সংশ্লিষ্ট বিষয়ে দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সদস্যপদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে এমসিজে ক্লাব লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ক্লাবটির সদস্যপদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে ক্লাবের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ক্লাবটির ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সদস্যপদের আবেদন ও প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের www.mcjclub.com ওয়েবসাইট এবং ক্লাবের ফেসবুক পেজ অনুসরণ করতে বলা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন এবং সংশ্লিষ্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৭ বছর হতে হবে।
সাধারণ সদস্যপদের ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এর সঙ্গে সরকার নির্ধারিত শুল্ক ও অন্যান্য প্রযোজ্য চার্জ যুক্ত হওয়ায় আবেদনকারীকে মোট ৫৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। ক্লাবের নির্ধারিত ব্যাংক হিসাবে ফি জমা দেওয়ার পর ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে।
এ ছাড়া সদস্যপদ নীতিমালা অনুসরণ করে অতিরিক্ত অর্থের বিনিময়ে সংরক্ষিত নির্দিষ্ট কিছু সদস্য নম্বর নেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও ফি সম্পর্কে ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
ক্লাবটির পরিচালনা পর্ষদ প্রথম ২০০ জন সদস্যকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের কার্যক্রমের শুরুতে যুক্ত হওয়া এসব সদস্যের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে প্রদর্শন করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠাকালীন সদস্যদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমসিজে ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক ক্লাব গঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। কয়েক দফা বৈঠক ও পর্যালোচনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লাবটির সভাপতি হাসনাইন খুরশেদ জানান, সদস্যপদের জন্য জমা পড়া আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে যোগ্য আবেদনকারীদের সদস্যপদ নম্বর জানিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, এমসিজে ক্লাব লিমিটেড সম্প্রতি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত হয়েছে। এর মধ্য দিয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ক্লাবটির কার্যক্রম শুরু হয়েছে।
ক্লাব পরিচালকেরা জানান, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক জোরদার করার পাশাপাশি করপোরেট খাতের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সদস্য ও তাঁদের পরিবারের বিনোদনের জন্য বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা হবে।
ক্লাব কর্তৃপক্ষের প্রত্যাশা, সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে একটি কার্যকর সামাজিক নেটওয়ার্ক গড়ে উঠবে। এর মাধ্যমে সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
আ.দৈ/এসআর



















