এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন পরিকল্পনা, ৩ মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা
নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ও প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। প্রয়োজনে এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চালুর বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড স্টুডেন্টস কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করে একটি স্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা হবে।
তিনি জানান, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কারিগরি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যাঁদের ব্যবসায়িক উদ্যোগের ধারণা আছে, তাঁদের প্রাথমিক তহবিল দিয়ে সহায়তার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাপানি, কোরীয়, চীনা ও ইউরোপীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা। তাঁর মতে, স্বল্পমেয়াদি ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
মাহ্দী আমিন বলেন, একজন শিক্ষার্থীর খারাপ ফলের পেছনে শুধু মেধার ঘাটতি নয়, পারিবারিক ও আর্থিক সংকট, শিক্ষক বা শ্রেণিকক্ষের অভাব এবং পরীক্ষার আগে অসুস্থতার মতো কারণও থাকতে পারে। তাই ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিচার না করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, ইতিমধ্যে খাতা পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী প্রত্যাশিত ফল পায়নি উল্লেখ করে তিনি বলেন, এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, এসএসসিতে ভালো ফল করাই জীবনের সাফল্যের নিশ্চয়তা নয়। একইভাবে পরীক্ষায় অকৃতকার্য হওয়াও জীবনের ব্যর্থতা নয়। শিক্ষার্থীদের মেধা, আগ্রহ ও দক্ষতা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।
গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে শিক্ষা ও উন্নয়ন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















