অনলাইনে প্রেমের পর বিয়ে, ৭৬ লাখ টাকা নিয়ে উধাও যুবক
আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর থাইল্যান্ডের এক নারীকে বিয়ে করে তাঁর কাছ থেকে প্রায় ৬০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে মোহাম্মদ ইরফান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের নাগরিক উপসর্নের সঙ্গে প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইরফান নিজেকে অবিবাহিত দাবি করে প্রায় দুই বছর আগে থাইল্যান্ডে উপসর্নকে বিয়ে করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপসর্নের দাবি, বিয়ের পর ব্যবসা ও বিভিন্ন খরচের কথা বলে ইরফান কয়েক দফায় তাঁর কাছ থেকে অর্থ নেন। নিজের ব্যবসার আয় ও আত্মীয়দের কাছ থেকে ধার করা অর্থ মিলিয়ে তিনি প্রায় ৬০ লাখ রুপি দেন। পরে ইরফান যোগাযোগ বন্ধ করে ভারতে ফিরে আসেন।
গত ৬ অক্টোবর স্বামীর খোঁজে কানপুরে তাঁর বাড়িতে গিয়ে উপসর্ন জানতে পারেন, ইরফান আগে থেকেই বিবাহিত এবং তাঁর তিন সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাইলে তাঁকে মারধর করা হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ ও বোরকা পরার জন্য চাপ দেওয়া হয়।
পরে কানপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনারের কাছে অভিযোগ করেন উপসর্ন। তাঁর অভিযোগের ভিত্তিতে অনওয়ারগঞ্জ থানায় মামলা করা হয় এবং ইরফানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিয়ের নথি, অর্থ লেনদেন এবং ধর্মান্তরের জন্য চাপ দেওয়ার অভিযোগসহ মামলার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















