বিনামূল্যে খতনা করাতে গিয়ে অসুস্থ ৫০ শিশু, ক্ষতস্থানে রক্তক্ষরণ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে বিনা মূল্যে খতনা করানোর পর ৫০ শিশু বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুজনের ক্ষতস্থানে সংক্রমণ ও রক্তক্ষরণ দেখা দেওয়ায় তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।
স্থানীয় সূত্র জানায়, রোববার সেন্ট মার্টিন অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশু ও কিশোরের খতনা করা হয়। মঙ্গলবার থেকে কয়েকজন শিশুর ক্ষতস্থানে ব্যথা, ফোলা, পুঁজ ও রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দেয়।
সেন্ট মার্টিন দ্বীপ হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার ৫০ শিশু চিকিৎসা নিতে আসে। কয়েকজনের ক্ষতস্থানে সংক্রমণ ও রক্তক্ষরণ ছিল। পরে পরিস্থিতি পর্যবেক্ষণে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিন সদস্যের একটি মেডিকেল টিম দ্বীপে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, খতনা কর্মসূচির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আগে জানানো হয়নি। ৫০ শিশু চিকিৎসা নিলেও মূলত দুজনের সংক্রমণ ছিল। তাদের দ্বীপেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের সমস্যাগুলো খতনার পর স্বাভাবিক ধরনের জটিলতা হতে পারে বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেডিকেল টিমের প্রতিবেদনে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কর্মসূচির বিষয়ে বক্তব্য জানতে ‘আল মোমিন সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে এ বিষয়ে সংগঠনটির বক্তব্য পাওয়া যায়নি।
আ.দৈ/আরএস




















