সৌদির বিমানবন্দরে হুথিদের হামলা, বাব আল-মান্দেবে পাল্টা অগ্রযাত্রার দাবি
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছে হুথিদের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলের দাবি করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, আসির প্রদেশের আভা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হামলায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অবকাঠামোরও ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদির আকাশসীমা এড়িয়ে চলার আহ্বানও জানান তিনি।
এর আগে জাজান ও নাজরান বিমানবন্দরে হুথিদের হামলার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় তিনজন আহত হয়েছেন এবং স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছে অগ্রসর হওয়ার দাবি করেছে। সৌদি সমর্থনপুষ্ট বাহিনী কৌশলগত কয়েকটি অবস্থান এবং ধুবাব এলাকা দখলের পাশাপাশি মোখা বন্দরনগরী পুনর্দখলের দাবিও করেছে।
ইয়েমেনি সরকারের দাবি অনুযায়ী, সৌদি বিমানবাহিনীর সহায়তায় বাহিনী মোখা শহরের দিকে অগ্রসর হয় এবং হুথি যোদ্ধারা পাহাড়ি এলাকার দিকে পিছু হটে। তবে হুথিরা এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা এখনো নিজেদের দখলে থাকা এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণসংক্রান্ত এসব দাবি স্বাধীনভাবে পুরোপুরি যাচাই করা যায়নি।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এবং বৈশ্বিক নৌ ও জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলকে ঘিরে লড়াই তীব্র হওয়ায় আন্তর্জাতিক নৌ চলাচল নিয়েও উদ্বেগ বাড়ছে।
আ.দৈ/আরএস




















