মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে: সড়ক পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ০)
X

সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নীতিমালার আওতায় প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অটোরিকশাচালকদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে অনেক মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। তাই কাউকে ক্ষতিগ্রস্ত না করে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় সরকার। তবে কোনো গোষ্ঠীর স্বার্থে রাজধানীকে অচল হতে দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ঢাকায় বর্তমানে ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র ও নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে। এই অব্যবস্থাপনা দূর করতে নীতিমালার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালার কাজ চলমান রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা পাওয়া যাবে বলেও জানান তিনি।

এদিকে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষোভ ও মিছিল করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং না করার দাবি জানিয়েছেন মালিক-শ্রমিক নেতারা। তাঁদের দাবি, চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনা এবং পুরোনো গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়া হোক।

ধানমন্ডি লেকের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, খনন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় ‘নজরুল মঞ্চ’ ও লাইব্রেরি নির্মাণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝