গাজীপুর নয়, তাঁতীবাজার থেকে পালান পিচ্চি রাজা: জিএমপি
নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে ৩০ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়েছেন বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। ঘটনাটি আড়াল করতে পরে গাজীপুরের বাইমাইল এলাকায় পালানোর ‘নাটক’ সাজানো হয়েছিল বলেও দাবি পুলিশের।
সোমবার (৫ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে তাঁতীবাজারের পুপলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রিজন ভ্যানটি থামানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে নামান। খাইরুলকে পরে ভ্যানে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর ভ্যানে ওঠেননি। অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজা সেখান থেকে পালিয়ে যান।
পরে এসআই প্রবীর গাজীপুরের বাইমাইল এলাকায় গিয়ে প্রিজন ভ্যানে ওঠেন এবং পিচ্চি রাজার পালানোর ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এর আগে মামলায় বলা হয়েছিল, বাইমাইলে শৌচাগারে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে পিচ্চি রাজা দৌড়ে পালিয়েছিলেন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসআই প্রবীর কুমার বিশ্বাস, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আ.দৈ/আরএস




















