প্রেমিকার সঙ্গে স্বামীকে ধরে ফেললেন স্ত্রী, গাড়ি নিয়ে পালাতে গিয়ে কাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের মিরাটে কথিত প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীর সামনে পড়ে বিপাকে পড়েছেন মায়াঙ্ক নামের এক ব্যক্তি। এ সময় স্ত্রীকে গাড়ির বনেটে তুলে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যায় মায়াঙ্ক কথিত প্রেমিকা মাহির সঙ্গে মোমো খাচ্ছিলেন। সেখানে স্ত্রী সুনীতা উপস্থিত হয়ে স্বামীকে অন্য নারীর সঙ্গে দেখে ক্ষুব্ধ হন এবং গাড়ির জানালায় আঘাত করতে থাকেন।
পরিস্থিতি বেগতিক দেখে মায়াঙ্ক গাড়ির দরজা বন্ধ করে পালানোর চেষ্টা করেন। এ সময় সুনীতা গাড়ির সামনে গিয়ে বনেটের ওপর উঠে পড়েন। অভিযোগ, এরপর তাকে নিয়েই গাড়ি চালিয়ে প্রায় ১০০ মিটার চলে যান মায়াঙ্ক। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তিনি গাড়ি থামাতে বাধ্য হন।
এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মারধর, যৌতুকের জন্য নির্যাতন ও পরকীয়ার অভিযোগ এনে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুনীতা। পুলিশ জানিয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনায় মায়াঙ্ক ও মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা করে তদন্ত চলছে।
আ.দৈ/আরএস




















