ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে। প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এই নৈশভোজের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছিলেন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী ছিলেন জুবাইদা রহমান।
অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে পৃথক একটি বৈঠকের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। বৈঠকে বিশ্বজুড়ে শিশুদের কল্যাণে তাঁর উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তাঁর প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।
ভাষণে দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পরিবর্তনের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি বিষয়কে ভিত্তি করে ‘থ্রি-আর’ কৌশল গ্রহণের কথা জানান তিনি।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের সমাধানে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোকে সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও দৃঢ় সহযোগিতা কামনা করেন তিনি। এ ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।
আ.দৈ/এসআর




















