বাংলাদেশের স্বার্থ বিবেচনায় বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কোনো পক্ষের ওপর চাপিয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর ভাষ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনা করেই আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন জানান, চুক্তি স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন না; দুই দেশের প্রতিনিধিদের মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং এতে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি জানান, সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন’ নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। এটিও প্রধানমন্ত্রীর উপস্থিতির বাইরে আলাদা বৈঠকে সম্পন্ন হয়।
মাহদী আমিনের তথ্য অনুযায়ী, চার দিনের সফরে প্রধানমন্ত্রী ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বলে জানান মাহদী আমিন। তাঁর দাবি, সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি কর্মসূচিতে অংশ নেন, যার মধ্যে ছিল দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
আ.দৈ/আরএস




















