সাদিক কায়েমকে নিয়ে রফিকুল ইসলাম মাদানীর প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের খেলাধুলা ও পোশাকের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। একই সঙ্গে এ বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে রফিকুল ইসলাম মাদানী বলেন, ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের জয়কে তিনি একসময় নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন। তাঁর ভাষ্য, সাদিক কায়েম ও এস এম ফরহাদের নেতৃত্বে সিট বাণিজ্য বন্ধ, যোগ্যতার ভিত্তিতে সিট বরাদ্দ, ছাত্রীদের জন্য যানবাহন এবং সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।
তবে নারীদের খেলাধুলার আয়োজন নিয়ে আপত্তি তুলে তিনি বলেন, তাঁর প্রশ্ন খেলাধুলা নিয়ে নয়; বরং শর্ট প্যান্ট ও টাইট পোশাক পরে নারীদের খেলার আয়োজন এবং সেটিকে প্রকাশ্যে উৎসাহ দেওয়ার বিষয় নিয়ে। এ বিষয়ে সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম মাদানীর দাবি, সাদিক কায়েমকে অনেক তরুণী অনুসরণ করেন। তাঁর কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্ন আলেমের যোগাযোগের কারণে অনুসারীদের মধ্যে এসব বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে কয়েকজন আলেমের নাম উল্লেখ করে এ বিষয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
পোস্টে তিনি আরও বলেন, শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড বিবেচনা না করে আদর্শ ও ধর্মীয় বিধানের বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত। ভবিষ্যতে ইসলামের মৌলিক বিষয়গুলোকে গৌণ করে কোনো রাজনৈতিক অবস্থান নেওয়া হলে তার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানান তিনি।
আ.দৈ/আরএস




















