ভেজাল মদ পানে ভারতে ১৯ প্রাণহানি, আটক ১৯
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার কারণ অনুসন্ধান এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্তে অতিরিক্ত পুলিশ সুপার আই বাংল্যাং চ্যাংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (এআইটি) গঠন করা হয়েছে।
মোককচুং জেলার মাঙ্গকোলেম্বা ও আশপাশের এলাকায় সন্দেহভাজন মদ পান করে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছে পুলিশ।
তুয়েনসাং জেলায় এর আগে ১০ ও ১১ সেপ্টেম্বর কয়েকজনের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায়। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকে মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা গুয়াহাটির ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তদন্তে কিছু সূত্র পাওয়া গেলেও বিস্তারিত প্রকাশ করা হয়নি।
নাগাল্যান্ডে ১৯৮৯ সালের মদ সম্পূর্ণ নিষিদ্ধকরণ আইন অনুযায়ী মদ তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পান নিষিদ্ধ। পুলিশ অপরিচিত বা অনুমোদনহীন উৎসের মদ পান না করার এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।
আ.দৈ/আরএস




















