ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আ.দৈ/আরএস




















