বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ফুসফুস দিবস শুক্রবার
তামাক-নিকোটিনের ছোবলে ঝুঁকিতে তরুণদের ফুসফুস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৭)
X

আগামীকাল ২৫ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব ফুসফুস দিবস ২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘এ লাইফটাইম অব লাং হেলথ’। ফুসফুস ও শ্বাসতন্ত্রের রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং সুস্থ ফুসফুসের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন রোগ। এসব রোগের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার অন্যতম বড় কারণ। 

ধূমপানের কারণে ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। শুধু সরাসরি ধূমপান নয়, পরোক্ষ ধূমপানও ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বাংলাদেশেও ফুসফুস ও শ্বাসতন্ত্রের রোগের কারণে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’-এর তথ্য অনুযায়ী, দেশে মৃত্যুর শীর্ষ পাঁচটি কারণের মধ্যে দুটি ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ।

এদিকে তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয় বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৩ শতাংশ কোনো না কোনো ধরনের তামাক ব্যবহার করেন। ফলে তামাকের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যঝুঁকি আরও বাড়াচ্ছে নতুন প্রজন্মের নিকোটিন পণ্য। ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো পণ্যের ব্যবহার কিশোর ও তরুণদের মধ্যে বাড়ছে বলে সংশ্লিষ্টরা বলছেন। এসব পণ্যের বিস্তার তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তির দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে ফুসফুসের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব ফুসফুস দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যের পাশাপাশি ই-সিগারেট, ভেপিং ও অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে নীতিগত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

সংশ্লিষ্টদের মতে, শুধু ধূমপান বন্ধের প্রচার চালালেই হবে না; তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন পণ্যের জনপ্রিয়তা ঠেকাতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপান নিয়ন্ত্রণ, তামাকজাত পণ্যের প্রচার-প্রচারণা বন্ধ এবং তামাকবিরোধী আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া দরকার।

বিশ্ব ফুসফুস দিবসের এবারের প্রতিপাদ্যও মূলত দীর্ঘমেয়াদি ফুসফুসের স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগের বোঝা কমানো সম্ভব হবে।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝