
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদ আলম সিয়ামের নিয়োগের সম্মতিপত্র পাওয়া গেছে এবং এর একটি অনুলিপি ঢাকায় এসেছে।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।
রিয়াজ হামিদুল্লাহকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে জেনেভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্রসচিব হওয়ার আগে আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩-২৪ সালে অস্ট্রিয়ায় এবং ২০১৭-২১ সালে ফিলিপাইনে বাংলাদেশের দূত ছিলেন তিনি।




















