ইমরানের বোন আলিমা খান গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে তাকে গ্রেপ্তার করা হলো।
রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। লাহোর জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারের পর তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলিমা খানকে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পিটিআই। কর্মসূচি ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তার দাবি, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে সরকারের উদ্বেগ থেকেই এই গ্রেপ্তার করা হয়েছে।
আ.দৈ/এসআর




















