সীমান্ত পেরিয়ে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে বাংলাদেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, সীমান্তের ওপারে বসে ইয়াবা কারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে।
সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। ড্রোন ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে। মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে।
যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
সন্ত্রাস দমন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার সমুন্নত রেখে প্রয়োজন হলে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে।
সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, নতুন সরকারের বয়স এখন ছয় মাস। রাষ্ট্রের দীর্ঘদিনের সমস্যা ও অনিয়ম দূর করতে সময় প্রয়োজন। তাঁর ভাষায়, রাষ্ট্রব্যবস্থায় যে ‘পচন’ ধরেছে, সেটির চিকিৎসা করার চেষ্টা চলছে। একই সঙ্গে ছয় মাসে সাংস্কৃতিক পরিবর্তন আনার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















