রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক মাসের ব্যবধানে ফের পানিতে ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৫৯)
X


চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পানিতে ডুবে গেছে সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিচতলা।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সমুদ্রে লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার রাত ১০টার পর থেকে টানা বৃষ্টিতে নগরীর চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, দক্ষিণ হালিশহর, পাঠানটুলী ও কাপাসগোলাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। রাতভর বৃষ্টির পর সোমবার সকালে পরিস্থিতি আরও খারাপ হয়।

কোমরপানিতে সড়ক, দুর্ভোগে নগরবাসী

সোমবার সকালে চকবাজার ও কাতালগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি কোমরসমান পানিতে ডুবে আছে। বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই চলাচল করছেন পথচারীরা। অনেক সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

আগ্রাবাদের মুহুরিপাড়া এলাকাতেও একই চিত্র দেখা গেছে। সড়কে কোমরসমান পানি জমে আবাসিক ভবনের নিচতলায় ঢুকে পড়ে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বাসিন্দাদের ভোগান্তি চরমে ওঠে।

জলাবদ্ধতার কারণে সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন ও রিকশার সংকট দেখা দেয়। অনেকে যানবাহন না পেয়ে বৃষ্টির মধ্যে হেঁটেই গন্তব্যে রওনা হন। আবার কোথাও রিকশা পাওয়া গেলেও কয়েক গুণ বেশি ভাড়া দিতে হয়েছে যাত্রীদের।

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার চাকরিজীবী তৌহিদুল সালাম বলেন, সামান্য বৃষ্টিতেই ওই এলাকার বিভিন্ন সড়কে পানি জমে। তবে এবার রাতভর বৃষ্টিতে পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ হয়েছে। যানবাহন না থাকায় এবং কোনো কোনো রিকশাচালক তিন গুণ পর্যন্ত ভাড়া চাওয়ায় অনেকেই বাধ্য হয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে অফিসে গেছেন।

স্কুল-কলেজেও জলাবদ্ধতার প্রভাব

নগরীর জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও। বিভিন্ন স্কুলের সামনে ও আশপাশের সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পরিবহনসংকট ও জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনি। কোথাও কোথাও শ্রেণি কার্যক্রমও স্থগিত বা বাতিল করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল মিয়া জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বড় প্রকল্পের পরও কেন জলাবদ্ধতা?

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকল্পগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তবে এসব প্রকল্পের কাজ শেষের পথে থাকলেও এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমায় প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নগরবাসীর প্রশ্ন, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন সামান্য সময়ের ব্যবধানে একই এলাকাগুলো বারবার পানিতে ডুবে যাচ্ছে? বড় প্রকল্প বাস্তবায়নের পরও যদি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হয়, তাহলে এসব উদ্যোগের সুফল কোথায়—এমন প্রশ্নও তুলছেন তারা।

তাদের মতে, শুধু বড় প্রকল্প বাস্তবায়ন করলেই জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে না। খাল-নালা ও ড্রেনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। পানি নিষ্কাশনের পথে কোথায় প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোও চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

নগরবাসীর আশঙ্কা, এসব বিষয়ে কার্যকর নজরদারি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না গেলে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের পরও চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝