
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর হাতে সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন।
সৌদি রয়্যাল দূতাবাসের পাঠানো ওই চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গত ২১ জুলাই (৭ সফর ১৪৪৮ হিজরি) স্বাক্ষরিত চিঠিতে মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।
আমন্ত্রণপত্রে সৌদি ক্রাউন প্রিন্স বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এ আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় ও পরামর্শের সুযোগ তৈরি করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানাতে পেরে সৌদি আরব আনন্দিত।
সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক চ্যানেলে দুই দেশের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারণ করা হবে।












