রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৬:৩৪ পিএম  (ভিজিট : ৪০)
X



সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর নেতৃত্ব ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশের সমৃদ্ধির সংগ্রামেও খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে  আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমানে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপিকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করতে হবে, যাতে দলটি ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম করেছেন, কোনো ধরনের আপস করেননি এবং কঠিন সময়ে দলকে দৃঢ়ভাবে ধারণ করেছেন। তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি একটি সুসংগঠিত ও কার্যকর রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক নীতি এবং তাঁর ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর আলোকে দলের ৩১ দফা বাস্তবায়ন করা এখন মানুষের প্রত্যাশা। সামনের দিনগুলোতে বিএনপিকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। মোনাজাতে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তিও কামনা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জেলাতেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৬০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ১৯৯১ সাল থেকে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝