তনু হত্যা মামলায় জামিনে মুক্ত হাফিজুর ফের গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ২ আগস্ট হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।
৬ আগস্ট চেম্বার আদালত হাইকোর্টের জামিন স্থগিত করে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়।
হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। ২০১৬ সালে তনু হত্যার সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটিত হয়নি। মামলার তদন্তের অংশ হিসেবে চলতি বছরের ২২ এপ্রিল হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তার করেছিল পিবিআই।
আ.দৈ/আরএস





















