টার্গেট ৬ লক্ষ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো
ডিএসসিসিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কাকলি হাইস্কুল এন্ড কলেজে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এই কর্মসূচীর উদ্বোধন করেন।
আজ রোববার (২৮ জুন) জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১,৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, "আজকের ছোট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ ও রোগমুক্ত রাখতে সময়মতো টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।"
তিনি শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কাজ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। নিজের ছাত্রজীবনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে প্রশাসক নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম




















