এইচএসসি কেন্দ্রসচিবদের জন্য ৩৫ দফা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের জন্য ৩৫ দফা জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার (১৪ জুন) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের কাছে নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের অনুমোদিত সিলেবাস অনুসারে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টায় শুরু হবে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা নিরাপদ লকারে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করতে হবে। এ সময় সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে।
বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্রের দুই সেট সৃজনশীল (সিকিউ) এবং দুই সেট বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র তারিখভিত্তিক আলাদা নিরাপত্তা খামে সংরক্ষণ করতে হবে। নিরাপত্তা খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পাওয়া গেলে তা দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার দিন নির্ধারিত সেট কোডের প্রশ্নপত্রেই পরীক্ষা নিতে হবে। অন্য কোনো সেটের প্রশ্নপত্র ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন দায়িত্ব পালন করবেন। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সবাইকে কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্রের বাইরে ভিড় বা জটলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নকল প্রতিরোধমূলক পোস্টার প্রদর্শন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালে প্রতিষ্ঠানের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও পর্যবেক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি কেন্দ্রের ভেতরে অবস্থান করতে পারবেন না।
উত্তরপত্র ও প্রশ্নপত্র পরিবহনে পুলিশের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করে বোর্ডে জমা দিতে হবে। একই সঙ্গে নতুন ও পুরোনো সিলেবাসের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ ও প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আ.দৈ/আরএস




















