হামের থাবায় ৫ শতাধিক শিশুমৃত্যু: দায় এড়াতে পারবেন না
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ আজ সোমবার এক বিবৃতিতে দেশে হামের ভয়াবহ বিস্তার ও শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থার চরম ব্যর্থতা ও টিকা কার্যক্রমে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষের জীবন আজ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
তিনি বলেন, “একটি সভ্য রাষ্ট্রে প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অথচ স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে দেশে আবারও হামের প্রকোপ বেড়েছে। এর দায় সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের এড়ানোর সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্হ শিশু পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিচার জনগণ একদিন করবেই।”
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ অবিলম্বে— সারাদেশে জরুরি গণটিকাদান কর্মসূচি,নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা,প্রতিটি হাসপাতালে বিশেষ হাম ইউনিট চালু এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “হকার, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে। তাই জনস্বাস্থ্য রক্ষায় অবহেলা মানেই শ্রমজীবী মানুষের জীবনের সাথে নির্মম তামাশা।”
শেষে তিনি দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের জীবন নিয়ে আর কোনো পরীক্ষা নয় — স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।
আ.দৈ/আরএস/এএইচএইচ




















