চলন্ত মধুমতি এক্সপ্রেসের ৪ বগি বিচ্ছিন্ন
খাইরুল ইসলাম বাসিদ(পাবনা)

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় চলন্ত আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার (সকাল সাড়ে ৭টা) নাটোরের আজিমনগর রেলস্টেশন অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনটির পেছনের চারটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বগির সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় ইঞ্জিনটি সামনে এগিয়ে যায় এবং চারটি বগি পেছনে থেমে পড়ে।
এতে যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনাটি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ইঞ্জিন থামিয়ে পেছনে ফিরে যান। পরে রেলকর্মীদের সহায়তায় বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। প্রায় ২০–৩০ মিনিট পর ট্রেনটি আবার স্বাভাবিকভাবে যাত্রা শুরু করে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন আজকের দৈনিককে জানান, ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে যাওয়ায় মোট চারটি কোচ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল কর্তৃপক্ষ আরো জানায়, এ ঘটনায় ট্রেন চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
আ.দৈ/আরএস




















