চরফ্যাশনে হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে মা উধাও!
মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা)

তিন মাস বয়সী অসুস্থ সন্তানকে হাসপাতালের বেডে ফেলে পালিয়েছেন পাষাণ্ড মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায়।
মায়ের কোলে থাকার বয়সে হাসপাতালের বেডে একা পড়ে থাকা শিশুটির কান্না যেন নাড়িয়ে দিয়েছে উপস্থিত সবাইকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ও শিশু ওয়ার্ডে একটি বেডে শিশুটিকে একা পড়ে থাকতে দেখেন তারা। দীর্ঘ সময় ধরে শিশুটির কোনো অভিভাবকের দেখা না মিলায় তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে রেখে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর সহযোগিতায় নবজাতকটির চিকিৎসা ও দেখভাল করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনও তদারকি করছে।
তবে কে বা কারা শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটিকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার পরিবারের সন্ধানও চলছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
এদিকে অসহায় শিশুটিকে এক নজর দেখতে নারী ও শিশু ওয়ার্ডে ভিড় করছেন রোগী, স্বজন ও স্থানীয় উৎসুক মানুষ।
হাসপাতালে আসা রোগীর স্বজনরা বলেন, বাচ্চাটা অনেকক্ষণ ধরে একা একা কান্না করছিল। দেখে খুব খারাপ লাগছিল। এতো ছোট্ট একটা শিশুকে কীভাবে মা ফেলে রেখে যেতে পারে!
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, অজ্ঞাত এই শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। আমরা সরকারি ব্যবস্থাপনায় তার চিকিৎসা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন বলেন, শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ আজকের দৈনিককে জানান, শিশুটির খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। তার চিকিৎসা চলছে। সমাজসেবা কর্মকর্তাকে শিশুটির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও কাজ চলছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















