হাম ও উপসর্গজনিত কারণে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকায় ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে হামে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৪১ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ৪৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫ হাজার ১৫১ জন।
আ.দৈ/আরএস




















