
জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী ‘জুলাই যোদ্ধা’র প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে তিনি জানান, তালিকাভুক্ত ২০৮ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলনের সময় সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন।
তিনি আরও বলেন, এসব ব্যক্তিকে সরকার ইতোমধ্যে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ওপর হওয়া নির্যাতন ও ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়েই ক্ষতিপূরণের দাবি উত্থাপন করা হয়েছে।
এ বিষয়ে আদালতের রুলের পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত সিদ্ধান্তের অগ্রগতি জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আ.দৈ./ এম.এস




















