
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘জাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ত্রাণমন্ত্রী বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। তালিকাভুক্ত কৃষকদের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান দেওয়া হবে।
তিনি জানান, এই সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আগামী তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক সহায়তা পাবেন।
মন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার এই পরিস্থিতিতে কৃষকদের পাশে রয়েছে এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম চালানো হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটির কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুতই মাঠপর্যায়ের কাজ শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আত্মকর্মসংস্থানের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় সরকারি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আ.দৈ./ এম.এস












