গণভোটের রায় বাস্তবায়নে রাজপথেই সিদ্ধান্ত হবে: এটিএম আজহার
ডেস্ক নিউজ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে সমাধান না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে। আজ শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখার বাছাইকৃত রুকন সদস্যদের তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, জনগণের আন্দোলন ও ত্যাগের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ জন্য সংসদের ভেতরে ও বাইরে সরকারকে চাপ দিচ্ছে জামায়াতসহ ১১ দলীয় জোট।
তিনি জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে তারা সংসদে প্রতিবাদ করেছেন এবং ওয়াকআউটও করেছেন। পাশাপাশি বাইরে থেকেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজহারুল ইসলাম বলেন, ‘৭০ শতাংশ মানুষ গণভোটে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। না হলে জনগণই রাজপথে এর ফয়সালা করবে।’
সংবিধান সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে এবং এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ঐক্যের কথা বললেও তারা বিভেদের রাজনীতি করছে। তবে অতীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকার প্রশংসাও করেন তিনি।
আ. দৈ./কাশেম




















