ইবিতে এন্টি-ক্যানসার ফ্রুটস বিতরণ ক্যানসার কেয়ার রিসার্চ ট্রাস্টের
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ‘এন্টিক্যানসার ফ্রুটস অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরেইজিং প্রোগ্রাম’ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর ইবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে ক্যান্সার সচেতনতার লক্ষ্যে এ আয়োজন শুরু হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আমলকি, পেয়ারা, তরমুজ, কলা, লেবু, আনারস ও পেঁপেসহ বিভিন্ন ধরনের এন্টিক্যানসার ফল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্যান্সার রোগীদের সহায়তায় ডোনেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ, রিবন বিতরণ ও মৌখিক ক্যাম্পেইনও পরিচালিত হচ্ছে। আয়োজনে ক্যান্সার-সংক্রান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শেয়ারের একটি প্রতিযোগিতাও রাখা হয়েছে, যেখানে সেরা গল্পকারকে পুরস্কৃত করা হবে।
ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্ট ইবি চ্যাপ্টারের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “ফল সরাসরি ক্যান্সার সারায় না, কিন্তু এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবার আমাদের শরীরকে সুরক্ষা দেয়, কোষের ক্ষতি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেজন্যই আমরা ক্যাম্পাসে এই আয়োজন করেছি।”
আ. দৈ./কাশেম




















