এবছর সারাদেশে ডেঙ্গুতে ৪০১ জনের মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘বন্ধ্যা কীট প্রযুক্তির’ দিকে ঝুঁকছে ডিএনসিসি প্রশাসক এজাজ
আবুল কাশেম:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে “সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনায় এসআইটি বা বন্ধ্যা কীট প্রযুক্তির ব্যবহার” বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
এদিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান, ডিএনসিসি মো. জোবায়ের হোসেন। তিনি আরো জানান, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি হিসেবে ঢাকা সিটির বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক সমাধান হিসেবে Sterile Insect Technique (SIT) বা বন্ধ্যা কীট প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলেই নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি উপায়ে এডিস মশার সংখ্যা হ্রাস করা সম্ভব। সভায় বিশেষজ্ঞদল কিউবার হাভানা ও স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এসআইটি প্রযুক্তি সফলভাবে ব্যবহার করার দৃষ্টান্ত উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, কীটতত্ত্ববিদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও কর্মকর্তারা এসআইটি পদ্ধতির সম্ভাব্যতা, কার্যকারিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত দেন।
এবছর সারাদেশে ডেঙ্গুতে ৪০১ জনের মৃত্যু
এদিকে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুতে ৪০১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, এরমধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ডিসেম্বর সকাল ৮টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭২ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১২ জন ও রংপুর বিভাগে ১ নতুন রোগী ভর্তি হয়েছেন।
তবে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ২১ হাজার ২১৪ জন। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
আ. দৈ./কাশেম




















