ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮৫জন
তানজিকা ইতি

গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটিতে ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৭, খুলনা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৬ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ৭ এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।
মৃত্যুর পরিসংখ্যানে মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথম পাঁচ মাসে মোট ২৩ জন মারা গেছেন। জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ ও সেপ্টেম্বরের প্রথম ১১ দিনে ২৩ জন মারা গেছেন। অর্থাৎ এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৫ জন। এর মধ্যে ৬৯ জন, অর্থাৎ প্রায় অর্ধেকই শিশু, কিশোর ও তরুণ। ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা মাত্র ১৪ জন, যা মোট মৃত্যুর মাত্র ১০ শতাংশেরও কম।
আ.দৈ/আরএস




















